বয়ালে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; আজ নন্দীগ্রামে দ্বিতীয় দফার ভোট। কয়েকদিন ধরে সেখানেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে নন্দীগ্রামের বাড়ি থেকে বেরিয়ে বয়ালের ৭ নম্বর বুথে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে যেতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল৷ লাঠি, বাঁশ নিয়ে বহু লোক সেখানে জড়ো হয়৷ ওঠে জয় শ্রীরাম স্লোগান৷ তাঁকে ঘিরে বাঁধে দুই দলের সংঘর্ষ। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অন্যদের দিকে ইট নিয়ে তেড়ে যান। মমতার অভিযোগ, বাইরে থেকে লোক এনে ভোট করাচ্ছে বিজেপি।
বয়ালের ওই বুধে বিজেপি অবাধে ছাপ্পা ভোট করেছে বলে তৃণমূল নেত্র্রীর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় বাহিনীর তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ করেছেন মমতা। এদিন বুথের মধ্যে বসে তিনি বলেন, ‘‘আদালতে যাব আমরা। কোনও ব্যবস্থা নেয়নি। ভোট দিতে দেওয়া হয়নি। ৬৩টা অভিযোগ পেয়েছি।’’ এরপর বয়ালের বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। ধনকড়কে ফোনে সেখাকার সমস্ত পরিস্থিতি জানান মমতা।
দু’ঘণ্টারও বেশি সময় পরে নন্দীগ্রামের বয়ালের সাত নম্বর বুথ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বের করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে বের করে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ শেষমেশ বুথের বাইরে থেকে ভিতর পর্যন্ত কার্যত কর্ডন তৈরি করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷ হুইল চেয়ারে বসেই বের করে আনা হয় তৃণমূলনেত্রীকে৷

Post a Comment